মির্জা রাকিব: যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসি শহরে আগামী ২৭ মে ২০২৬, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার এক বৃহৎ উন্মুক্ত ঈদ জামাত। আয়োজনটি যৌথভাবে পরিচালনা করছে সোয়ানসি সিটি মসজিদ এবং স্কেটি মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার।
আয়োজক সূত্রে জানা গেছে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে সোয়ানসির সিঙ্গেলটন পার্কের ল্যাক্রস ফিল্ডে । সকাল ৯টা ৩০ মিনিট থেকে তাকবির শুরু হবে এবং সকাল ১০টায় ঈদের নামাজ আদায় করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ঈদ জামাতকে কেন্দ্র করে থাকছে নানা আয়োজন। পরিবার ও শিশুদের জন্য থাকবে বাউন্সি ক্যাসেল, খাবারের স্টল এবং একটি আনন্দঘন পারিবারিক পরিবেশ। আয়োজকরা, সোয়ানসি ও এর আশপাশের এলাকার বসবাসরত সকল মুসলিম কমিউনিটিকে এ আয়োজনে যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন।
অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সবাইকে বাসা থেকে অজু করে আসতে, নিজস্ব জায়নামাজ সঙ্গে আনতে এবং পার্কিং সুবিধার জন্য সময়মতো উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে রিক্রিয়েশন গ্রাউন্ডে, তবে সেখানে নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।
এদিকে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্পভাবে মসজিদভিত্তিক জামাতের ব্যবস্থাও রাখা হয়েছে। সেক্ষেত্রে সোয়ানসি মসজিদে সকাল ৮টায় এবং সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং স্কেটি মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সোয়ানসি সিটি মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য (অডিও এন্ড ভিডিও কোর্ডিনেটর) আল ইমরান জানান, পূর্বেও এ ধরণের উন্মুক্ত ঈদ জামাত সোয়ানসি মসজিদ আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় এবারও করতে যাচ্ছেন তারা । এসময় তিনি ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে উন্মুক্ত এই আয়োজনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।






